Sylhet Today 24 PRINT

বর্তমান সরকারের আমলে শিক্ষার আমূল পরিবর্তন ঘটেছে : বিয়ানীবাজারে শিক্ষামন্ত্রী

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৫ মে, ২০১৭

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার আমূল পরিবর্তন ঘটেছে। শেখ হাসিনার সরকার সবাইকে শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। একটি দারিদ্রমুক্ত নিরক্ষরতামুক্ত সুখী-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বৃহস্পতিবার ২৫ মে) সকালে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক ও ছাত্রদের মধ্যে সু-সম্পর্ক বজায় থাকলে শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে। তাই ছাত্র-শিক্ষক উভয়ের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিয়ানীবাজারের ১১০টি বিদ্যালয়ের ভবণ নির্মাণ শেষ হয়েছে। আর অনেক বিদ্যালয়ের ভবণ নির্মাণের কাজ চলছে।

মন্ত্রী বলেন, আমার এলাকার ছেলে-মেয়েরা যাতে শিক্ষাক্ষেত্রে অগ্রসর হতে পারে, সে জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি চাই ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীরা দেশে-বিদেশে শীর্ষ আসনে অধিষ্ঠিত হউক।

নাহিদ বলেন, আমিই একমাত্র মন্ত্রী যে এই অবস্থার মধ্যে ১ জানুয়ারী সারাদেশের শিক্ষার্থীদের হাতে ৩৩ কোটি বই পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এতো বই সারাদেশে একযোগে পৌঁছে দেয়া ও বিতরণের বিষয়টি অনেকেই অবিশ্বাস করেন। বিদেশীরা এ নিয়ে আমাকে নানা প্রশ্ন করেন। সঠিকভাবে দায়িত্ব পালন করার ফলে তা সম্ভব হয়েছে। অতিতে কোন সরকারের পক্ষে তা সম্ভব হয়নি। আমি গতানুগতিক কাজের জন্য মন্ত্রী হইনি। চ্যালেঞ্জিং কাজের জন্য মন্ত্রী হয়েছি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক আবু তাহের তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমদ, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, মোল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলাম, লায়ন কয়ছর আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির পক্ষ থেকে স্মারক সম্মাননা প্রদান করেন সোসাইটির দায়িত্বশীলরা। বিদ্যালয়ের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.