Sylhet Today 24 PRINT

নতুন কমিটি পেল মৌলভীবাজার ও সুনামগঞ্জ বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০১৭

নতুন কমিটির অনুমোদন পেল মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা বিএনপি। শুক্রবার মৌলভীবাজার জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন পায়।

আর গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও শুক্রবার ৫১ সদস্যের অনুমোদিত কমিটির নাম সরবরাহ করা হয় গণমাধ্যমে।

এম নাসের রহমানকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির অনুমোদন দেওয়া হয় শুক্রবার।

আগামী ৩০ দিনের মধ্যে বাকি সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

নতুন কমিটিতে আবদুল ওয়ালী সিদ্দিকী, ফয়জুল করিম, আবেদ রাজা, মো. আবদুল মুকিত, জামি আহমদ, মুহিবুর রহমান ফারুক, আতাউর রহমান (লাল হাজি), মুজিবুর রহমান (জুড়ী), আশিক মোশারফ, নাসির উদ্দিন আহমেদ, নূরে আলম সিদ্দিকী, জুয়েল আহমদ ও আহমদ হোসেন ইকবালকে সহসভাপতি; আনোয়ার আক্তার চৌধুরী, ফয়ছল আহমদ, ফখরুল ইসলাম, অনি আহমদ খান ও হেলু মিয়াকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।

২০০৯ সালে মৌলভীবাজার জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে একটি কমিটিও গঠন করা হয়। কিন্তু সেই কমিটি কেন্দ্রের অনুমোদন পায়নি।

কেন্দ্রীয় কমিটি কাউন্সিলের প্রস্তাবিত কমিটি সংশোধন করে এম নাসের রহমানকে সভাপতি, খালেদ রব্বানীকে সাধারণ সম্পাদক ও মো. আবদুল মুকিতকে যুগ্ম সাধারণ সম্পাদক করে তিনজনের নাম ঘোষণা করে। পরবর্তী সময়ে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের কথা থাকলেও মতবিরোধের কারণে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি আগে।

এদিকে সুনামগঞ্জ জেলা কমিটিতে সভাপতি হিসেবে সাবেক সাংসদ ও দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলামের নাম ঘোষণা করা হয় গত মঙ্গলবার।

শুক্রবার জানানো হয় কমিটির বাকি সদস্যদের নাম। কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন ২১ জন।

এর মধ্যে জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদির আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আবুল মনসুর শওকত, জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক আনসার উদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ওরফে সাজুও রয়েছেন।

নয়জন যুগ্ম সম্পাদকের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ টি এম হেলাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান রয়েছেন। 

তিনজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম আছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা বিএনপি ২০০৯ সাল থেকে দুই ভাগে বিভক্ত। ওই বছরের ২৫ নভেম্বর দুই পক্ষ শহরে একই দিন পৃথক জেলা সম্মেলন করে দুটি কমিটি ঘোষণা দেয়।

এরপর ২০১১ সালের এপ্রিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে মোহাম্মদ ফজুলল হক আছপিয়াকে সভাপতি ও কলিম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেন।

কিন্তু বিরোধ না মেটায় কমিটির সদস্য বাড়িয়ে ১৯৫ করা হয়। সর্বশেষ ২০১৪ সালের ১৬ এপ্রিল জেলা কমিটি ভেঙ্গে দিয়ে নাছির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক ও কলিম উদ্দিন আহমদকে প্রথম সদস্য করে ৮৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করে দেওয়া হয় কেন্দ্র থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.