সুনামগঞ্জ প্রতিনিধি | ২৭ মে, ২০১৭
সুনামগঞ্জের ফসলহারা কৃষক পরিবারের সরকারি কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠন মানববন্ধনের আয়োজন করে।
শনিবার (২৭ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সুনামগঞ্জের ফসলহারা কৃষক পরিবারের সরকারি কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফের দাবি জানিয়ে বলেন, ‘সরকার কৃষি ঋণের অর্ধেক সুদ মওকুফের ঘোষণা দিয়েছে। কিন্তু সুনামগঞ্জের কৃষকদের সকল বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় এ বছর কোন সুদ দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। কৃষকদের ঘরে এক ছটাক ধান নেই তাই সরকারি কৃষি ঋণ মওকুফ করতে হবে।
সরকারি কৃষি ঋণ মওকুফের পাশাপাশি বেসরকারি সকল এনজিও সংস্থার ঋণও মওকুফ করতে হবে। বক্তারা বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে সুদমুক্ত কৃষি ঋণ প্রদানের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য অ্যাড. রুহুল তুহিন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন জেলা শাখার সভাপতি লেখক কলামিস্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, প্রবীণ কৃষক নেতা অমর চাঁদ দাস, তাহিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রৌজ আলী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের যুগ্ম আহবায়ক বিজন সেন রায়, সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, সুখেন্দু সেন হারু, মালেক হোসেন পীর, ডা. মোরশেদ আলম, অ্যাড. এনাম আহমদ, জাহাঙ্গীর আলম, মাসুম হেলাল, এআর জুয়েল, রাজু আহমদ, প্রদীপ পাল, আমিনুল ইসলাম প্রমুখ।