Sylhet Today 24 PRINT

জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রতিবাদ করায় মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০১৭

জাফলংয়ের পাথর ব্যবসায়ী মো. আলা উদ্দিন ও ওয়েছ মিয়ার দায়ের করা মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি গ্রামের মো. সোলেমান মিয়ার ছেলে মো. আখতার হোসেন।

 শনিবার তিনি সিলেট জেলা পুলিশ সুপারের কাছে এ আবেদন জমা দেন। এছাড়া তিনি ডাকযোগে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, আইজিপি, র‌্যাব-৯, বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক বরাবর তার আবেদনপত্র পাঠিয়েছেন বলে দাবি করেছেন আখতার হোসেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন এলাকার বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ, কালভার্ট, রাস্তাসহ বিভিন্ন ফলজ বাগান ধ্বংস করে অবৈধ বোমা মেশিন দিয়ে দিনে রাতে পাথর উত্তোলন করছে একটি চক্র। তারা হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন করে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে।

পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলনের সাথে জড়িত রয়েছেন তার বিরুদ্ধে মামলা প্রদানকারী মো. আলাউদ্দিন ও ওয়েস মিয়া।

আখতার হোসেন অভিযোগ করেন, জাফলং এ অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের নেতৃত্ব দিচ্ছেন মো. আলাউদ্দিন ও ওয়েস মিয়া, আতাই মিয়া ও মাতাই মিয়া, আলম মিয়া, আলীম উদ্দিন, মুতলিব মিয়া, কালা মিয়া ও নানু মিয়া, আফাজ উদ্দিন, শামীম মিয়া, সুমন, সেলিম মিয়া, বড় সাবু, ছোট সাবুসহ একাধিক প্রভাবশালী রাতে অবৈধ মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে। পরিবেশধ্বংসী এসব কর্মকান্ডের প্রতিবাদ ও গণমাধ্যমে বক্তব্য দেয়ায় ও পাথরখেকোদের বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ করেন গত ১১ মে। একারণে তার উপর ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন দেয়ার একটি মামলায় (১২০/১৭) তাকেসহ প্রতিবাদকারীদের বিরুদ্ধে আসামি করেছেন আলাউদ্দিন ও ওয়েস। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.