Sylhet Today 24 PRINT

সিলেটের ইফতার বাজার : ধরণ বেশি, দামও বেশি

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মে, ২০১৭

রমজান উপলক্ষে প্রতিবছর সিলেটের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট তৈরি করে নানা স্বাদের হরেক রকমের বাহারি ইফতার সামগ্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোজার প্রথম দিন থেকেই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন পদের ইফতার সামগ্রী। তবে ইফতার সামগ্রীর দাম বেশি বলে অভিযোগ জানিয়েছেন ক্রেতারা।

নগরীর জিন্দাবাজারের পানসী ও ভোজনবাড়ি রেস্টুরেন্টে ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরণের খাবার দিয়ে সজ্জিত তাদের ইফতারির স্টল। আখনী, খিচুরি, পেঁয়াজু, ছোলা, বেগুনী, আলুচপ এর পাশাপাশি রয়েছে নানা পদের অনেক ধরণের ইফতার আইটেম। খাবারভেদে একেক দোকানের একেক ইফতারি আইটেমের চাহিদা রয়েছে বলে জানান বিক্রেতারা।

পানসী রেস্টুরেন্টে ইফতার সামগ্রী কেনার সময়ে এ প্রতিবেদকের সাথে কথা হয় সিলেট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকরামুল কবীরের সাথে। তিনি জানান, মানসম্মত পরিবেশে ইফতার সামগ্রী কিনতে আগ্রহী সিলেটের ক্রেতারা। তাই স্বাস্থ্য সম্মত পরিবেশে তৈরি ইফতার সামগ্রীর প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি।

ইফতার সামগ্রীর দাম জানতে চাইলে পানসী রেস্টুরেন্টের ম্যানেজার জাহাঙ্গীর আহমেদ সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন ৪০-৫০টি আইটেম তৈরি করেন তারা। তাঁর মধ্যে রয়েছে স্পেশাল কোপ্তা (প্রতি পিস ৩০ টাকা), চিকেন শাসলিক প্রতি পিস ৮০ টাকা, চিকেন লেগ প্রতি পিস ৭০ টাকা, বিফ বল প্রতি পিস ২৫ টাকা, শামি কাবাব প্রতি পিস ২০ টাকা, বীফ কাটি কাবাব প্রতি পিস ৮০ টাকা, জালি কাবাব প্রতি পিস ২০ টাকা, ডিমচপ প্রতি পিস ২০ টাকা, বেগুনী প্রতি পিস ৬ টাকা, পেঁয়াজু কেজি প্রতি ১৫০ টাকা, জিলাপি ছোট ১৭০ টাকা কেজি ও বড়গুলোর কেজি ১৫০ টাকা।

ভোজনবাড়ি রেস্টুরেন্ট থেকে ইফতার সামগ্রী কেনার সময় কথা হয় নগরীর শিবগঞ্জ এলাকার বাসিন্দা সৈয়দ দিলদার আলীর সাথে। তিনি জানান, ইফতার সামগ্রীর মান নিয়ে কথা না থাকলেও দাম অনেক বেশি রাখা হচ্ছে।

ভোজনবাড়ি রেস্টুরেন্টের পরিচালক ইফতেখার আলম রুমান জানান, ভোজনবাড়ির বিশেষ আইটেমগুলোর মধ্যে আছে চিকেন আখনী প্রতি কেজি ২০০ টাকা, বিফ আখনী প্রতি কেজি ২৪০ টাকা, মাটন হালিম প্রতি কেজি ২০০ টাকা, চিকেন হালিম প্রতি কেজি ১৮০ টাকা, মাটন লেগ প্রতি পিছ ৩০০ টাকা, বোম্বে রোষ্ট প্রতি পিছ ৩৫০ টাকা, চিকেন কাটলেট প্রতি পিছ ৩৫ টাকা, চিকেন শাসনিক প্রতি পিস ৬৫, চিকেন কোপ্তা প্রতি পিস ৩০, বিফ কোপ্তা প্রতি পিস ৩৫ টাকা, চিকেন ড্রামষ্টিক প্রতি পিস ৬৫ টাকা, কালিজিরা জিলাপি কেজি প্রতি ১৮০ টাকা।

প্রতি বছর ইফতারের সময় সিলেট নগরীর বেশিরভাগ রেস্টুরেন্টেই তিল ধারণের জায়গা থাকে না। অনেকে জায়গা না পেয়ে আবার দাঁড়িয়েও ইফতার করেন। একথা মাথায় রেখে এবার অনেক রেস্টুরেন্ট তৈরি করছে পর্যাপ্ত ইফতার সামগ্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.