নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০১৫
বর্ষবরণের অনুষ্ঠানে যৌন নিপীড়নের বিচার চেয়ে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর পুলিশের কার্যালয় ঘেরাও ও সমাবেশে পুলিশের হামলা ও নারী নির্যাতনের প্রতিবাদে নগরীতে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট, সিলেট।
সোমবার রাত সাড়ে ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে ছাত্র নেতারা রোববার ঢাকায় নিপীড়নবিরোধী সমাবেশে পুলিশী হামলার নিন্দা জানিয়ে হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন। একইসঙ্গে বর্ষবরণের অনুষ্ঠানে নিপীড়নকারীদের চিহ্নিত করে শাস্তি দাবি করেন।
ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শহিদুজ্জামান পাপলুর সভাপতিত্বে ও ছাত্রফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল আল আমিন, ছাত্রফ্রন্ট মহানগর শাখার সভাপতি রেজাউল হক রনি, বিশ্বপা ভট্টাচার্য্য মৌ, দিপঙ্কর দাস গুপ্ত, শাহনেয়াজ আহমদ সোহাগ, সজিব এষ প্রমুখ।
এর আগে একই ঘটনার প্রতিবাদে বিকেলে ছাত্র ইউনিয়ন নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।