Sylhet Today 24 PRINT

শামীমাবাদে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার রাত ১১ টার দিকে নগরীর ১০ নং ওয়ার্ডের শামিমাবাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনের গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা সুরুজ গ্রুপের এক কর্মীকে মারধর করে আফতার উদ্দিন গ্রুপের নেতা জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী হোসেনসহ ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তাদের প্রতিহত করে সুরুজ গ্রুপ। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে এক গ্রুপ অপর গ্রুপকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।এসময় ফটো তুলতে গেলে এক সাংবাদিককে লাঞ্ছিত করে আলী হোসেনসহ ছাত্রলীগ নেতাকর্মীরা।
সংঘর্ষের ঘটনায় ইমরান ও নোমান নামের দুই ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানায় হাসপাতাল সূত্র।

এদিকে,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী দাবি করেন, এক ছাত্রলীগ কর্মীকে মারধর করা হচ্ছিল। সে বাসায় এসে আশ্রয় নিলে আলী হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা তার বাসা লক্ষ্য করে ৮/১০ রাউন্ড গুলি ছুঁড়ে। তবে ওপর গ্রুপের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে ৮/১০ রাউন্ড রাবার বুলেটের গুলি ছুঁড়ে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.