Sylhet Today 24 PRINT

‘সাম্প্রদায়িক হুমকিদাতা’ আজিজের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুন, ২০১৭

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সরকারবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ থেকে আটক আব্দুল আজিজের (৩৫) বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৩১ মে) রাতে এই মামলা করেন রাকেশ রায় নামক এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার বিকালে আটক আব্দুল আজিজকে আদালতে নেয়া হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল আজিজের বিরুদ্ধে ফেসবুকে ও ফেসবুকের বাইরে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, অমুসলিমদের নিয়ে কটুক্তিমুলক বক্তব্য ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে। এমন অভিযোগে নগরীর কতোয়ালি থানায় তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়রিও হয়েছে

সম্প্রতি ফেসবুকে অন্য একজনকে উদ্দেশ্য করে আব্দুল আজিজের দেওয়া হুমকি ভাইরাল হয়ে যায় বিভিন্ন জনের টাইমলাইনে। এতে দেখা যায়, আব্দুল আজিজ হুমকি দিয়ে লিখেছেন- 'অপেক্ষা করো হিন্দু দাদারা, এই বাংলার বুকে তোমাদের মা হাসিনার পতনের পর আমরা হিন্দু নামক ও আওয়ামী লীগ সেক্যুলারদের জবাই করবো, ইনশাল্লাহ।'

বুধবার নিজের ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে গেছে ও অন্য কেউ এসব বিদ্বেষ ছড়াচ্ছে দাবি করে আব্দুল আজিজ থানায় জিডি করতে গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

আব্দুল আজিজের বড় ভাই আব্দুর রহমান জানান,  ১৯৯৯ সালে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন আজিজ।

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করায় ভাইয়ের বিরুদ্ধে এ সব ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন আব্দুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.