Sylhet Today 24 PRINT

অনন্ত বিজয় হত্যা: প্রতিবাদে সিলেটে শান্তিপূর্ণ হরতাল পালিত

নিহতের বড় ভাই রত্নেশ্বর দাস বাদী হয়ে এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন

নিউজ ডেস্ক |  ১৩ মে, ২০১৫

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, যুক্তি সম্পাদক, মুক্তমনা বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে সিলেট মহানগর এলাকায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

বুধবার সকাল সাতটায় হরতালের সমর্থনে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এতে গণজাগরণ মঞ্চ, প্রগতিশীল ছাত্র জোটসহ অন্যান্য প্রগতিশীল সংগঠনের সদস্যরা অংশ নেন। নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবী জানান বক্তারা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হরতালের সমর্থনে মশাল মিছিল ও শহরে মাইকিং হয়েছিল। 

হরতাল সমর্থকেরা নগরীর বিভিন্ন স্থানে পিকেটিং করলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে নগরীতে যান চলাচল কিছুটা কম ছিলো । তবে বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খুলতে শুরু করে। বাড়ে নাগরিক ব্যস্ততাও।

এদিকে, বুধবার ভোররাতে নিহত অন্তবিজয় দাসের বড়ভাই রত্নেশ্বর দাস বাদী হয়ে অজ্ঞাত ৪ জনকে আসামি করে নগরীর এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে মঙ্গলবার সকাল সোয়া ন'টার দিকে সুবিদবাজার এলাকায় মুক্তমনা বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে বাসার সামনে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে চার মুখোশধারী জঙ্গি সন্ত্রাসীরা।

উল্লেখ্য, বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে মঙ্গলবার সিলেট মহানগর এলাকায় অর্ধদিবস হরতালের ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এই হরতালে সমর্থন জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.