Sylhet Today 24 PRINT

সুমিতা-অরিজিৎ স্মরণ : মা-বাবা হত্যার বিচার চাইলো স্নেহা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দক্ষিণ সুরমার মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সুমিতা দাস ও তাঁর স্বামী স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার প্রশাসনিক কর্মকর্তা অরিজিৎ রায়ের মৃত্যুর একবছর পূর্ণ হয় গতকাল বুধবার (৭ জুন)। ১ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি শোকাহত পরিবার।

নিহতদের স্মরণে ও ঘাতক চালকের বিচারের দাবীতে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বুধবার দুপুর ২ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে গণজমায়েত, মানববন্ধন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

এক বছরেও বিচার না পেয়ে সুমিতা-অরিজিতের একমাত্র শিশুকন্যা অরুনিমা রায় স্নেহা মাইক হাতে নিয়ে কাঁদতে কাঁদতে শুধু বলেছে, আমার মা-বাবা হত্যার বিচার চাই।

মানববন্ধন শেষে সুমিতা দাস ও অরিজিত রায়ের ঘাতক চালকের বিচারের দাবী নিয়ে স্মরণসভায় কবি পুলিন রায়ের সভাপতিত্বে ও কবি সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমিতা দাসের ছোট ভাই ধ্রুব গৌতম।

সিলেটের বিশিষ্টজনের মধ্য থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি কবি এ.কে শেরাম, ইলেক্ট্রোনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আল আজাদ, ওয়ার্কাস পার্টির সিলেট জেলার সভাপতি আবুল হোসেন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান ও সুমিতা দাসের সহপাঠী হোসনে আরা কামালী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক কবি প্রণব কান্তি দেব, রেডক্রিসেন্ট হাসপাতালের পরিচালক ডা. সুধাময় মজুমদার, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, ছড়ামঞ্চ সিলেটের সাংগঠনিক সম্পাদক ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, নিউ নেশন পত্রিকার সিলেট প্রতিনিধি সাংবাদিক এ এস শফি ও চন্দ্রবিন্দু পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।

মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক পংকজ রায়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ দাস জয়, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, আওয়ামী লীগ নেতা দিবাকর ধর রাম, ক্রীড়া সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, ছড়া পরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক কবি মঞ্জুর মোহাম্মদ, শিক্ষা কর্মকর্তা রীমা দাস, সৃষ্টি খেলাঘর আসরের পক্ষ থেকে শিমুল চক্রবর্ত্তী, ফড়িংউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল দাস, শিক্ষিকা শংকরী দাস, কোয়ান্টিয়ার তুহিন দাস, নৃত্যশিল্পী প্রাঙ্গন রায়, কোয়ান্টিয়ার রনবীর দত্ত, জয় বাংলা পরিষদ সিলেট জেলার সভাপতি গীতিকবি হরিপদ চন্দ, কবি উত্তম কাব্য, সুমিতা দাসের সতীর্থ ফরিদা নাসরিন, মহালক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের পক্ষে শাহীন রানা, সুমিতা দাসের বড় বোন শিক্ষিকা সম্পা দাস, অভিভাবক রত্না দাস চৌধুরী, সিলেট কমার্শিয়াল আর্টিষ্ট এসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ চন্দ্র দাস, সুরমা খেলাঘরের সহ-সভাপতি দীনবন্ধু পাল, নাট্যজন আশুতোষ ভৌমিক বিমল, সংস্কৃতিকর্মী সন্দীপ দেব, সুজন সরকার, বাংলাদেশ যুবমৈত্রী সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও নাট্যকর্মী মাসুম খান, ডা. মিথুন চৌধুরী রাহি প্রমুখ।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুন সকালে সিএনজি অটোরিক্সায় করে সিলেটের দক্ষিণ সুরমার মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষিকা সুমিতা দাস ও তাঁর স্বামী স্কলার্সহোমের শাহী ঈদগাহ শাখার প্রশাসনিক কর্মকর্তা অরিজিৎ রায় একমাত্র শিশুকন্যা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অরুনিমা রায় স্নেহাকে (১১) নিয়ে বাসা থেকে বের হয়ে মেয়ের স্কুল ও নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন। সিলেটের টিলাগড়ের গোপালটিলার কাছে আসামাত্র অদক্ষ লাইসেন্সবিহিন কারচালক (গাড়ির মালিক) মিনু মিয়া স্নেহাদের বহনকারী সিএনজির উপর তার কার তুলে দিলে ঘটনাস্থলেই অরিজিৎ মারা যান। হাসপাতালে নেয়ার পর সুমিতাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। মারাত্মক আহত অবস্থায় অনেকদিন চিকিৎসাধীন ছিল তাঁদের একমাত্র শিশুকন্যা স্নেহা।

এ ঘটনায় জনতা মিনু মিয়াকে আটক করে পুলিশে তুলে দিলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার একবছর পেরিয়ে গেলেও ঘাতক মিনু মিয়া এখনও ধরা-ছোঁয়ার বাইরে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.