Sylhet Today 24 PRINT

নগরীর উপশহরের বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০১৭

সিলেট নগরীর উপশহরের বহুতল ভবনের ৫ম তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর উপশহরের মাল্টিপ্ল্যান ১৪ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম জুনায়েদ সিদ্দিক (২৩)। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিন্দাইর গ্রামের ডাঃ মোহাম্মদ আলী ও আমেনা খাতুনের ছেলে।

নিহত জুনায়েদ মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ লামাবাজার শাখার অনার্স (বাংলা) ২য় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের বড় ভাই হাবিব আহমদ সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে জানান, তিনি এলটেকো থাই এন্ড এলুমিনিয়ামের কাছ থেকে এই বহুতল ভবনের কন্ট্রাক্টে কাজ আনেন। তাই তার ছোট ভাই জুনায়েদ তার কাজের সাহায্য করতে মাল্টিপ্ল্যানের পঞ্চম তলাতে থাই গ্লাসের কাজ করছিলো। কাজ করার সময় হঠাৎ মইয়ের বাঁশ ভেঙে নিচে পরে যায় সে। পরে সাথে সাথে তাকে ওসমানী মেডিকেলে নিয়ে আসা হয়।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান,  থাই গ্লাসের কাজ করতে গিয়ে একজন শ্রমিক বাঁশ ভেঙে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার লাশ এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.