Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ১১ জুন, ২০১৭

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ এলাকা থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ভোর রাত ৪টার দিকে তিনি আত্মহত্যা করেন।

আত্মহননকারী তরুণের নাম আবিদ আহমদ (২২)। তিনি মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ (বড় ছুটিয়াং) গ্রামের মিছবাহ উদ্দিনের পুত্র।

জানা যায়, সেহরীর পর আবিদ ঘুমিয়ে পড়েন। সকালে ছেলে ঘুম থেকে না ওঠায় তার বাবা তাকে ডাকতে যান। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা ভেঙ্গে তাকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে আবিদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.