Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে গরু আনতে গিয়ে পানিতে ডুবে শিশু ও কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১১ জুন, ২০১৭

সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়েনের মাইজবাড়ী গ্রামে পানিতে ডুবে নিখোঁজ হওয়ায় রুবেল মিয়া (১৮) এবং হৃদয় হাসান (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে সিলেট ও সুনামগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা বাওনের বিল  থেকে এই দু’জনের লাশ উদ্ধার করে।

গত শনিবার বিকালে মাইজবাড়ী গ্রামের বাওনের বিলে গৃহপালিত গরু আনতে গিয়ে বাওনের বিলে পানিতে ডুবে নিখোঁজ হয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজবাড়ী গ্রামের শাহিদ আলী’র ছেলে রুবেল মিয়া (১৮) ও বাবুল মিয়ার ছেলে হৃদয় হাসান (১০) বাওনের বিল থেকে গরু আনতে যায়। বাওনের খাড়া নামের খাল পাড় হয়ে যাওয়ার সময় প্রথমে শিশু হৃদয় পানিতে ডুবে যায়। হৃদয়কে বাঁচাতে গিয়ে রুবেল এগিয়ে গেলে দুজনেই নিখাঁজ হয়ে পড়ে। সন্ধ্যায় গরু বাড়িতে আসার পর রুবেল ও হৃদয়ের খোঁজাখুঁজি শুরু হয়। রোববার সকাল ১০ টায় ঘটনাস্থলে হৃদয়ের লাশ ভেসে ওঠে। পরে সিলেট ও সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রুবেলের লাশ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাসুক আলী জানান, ‘নিহত শিশু ও কিশোর পানিতে ডুবে মারা গেছে। দুই জনের লাশই বিনা ময়না তদন্তে পরিবারের হেফাজতে নেওয়ার আবেদন করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.