Sylhet Today 24 PRINT

অনন্ত হত্যা: ৪ খুনির অন্তত একজন সিলেটের বাসিন্দা!

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মে, ২০১৫

একদিন পার হয়ে গেলেও প্রকাশ্য দিবালোকে খুন হওয়া মুক্তমনা বিজ্ঞান লেখক, ব্লগার ও গণজাগরন মঞ্চের  সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যার কোন কুল কিনারা করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, ঘটনাস্থল থেকে আলামত জব্দ আর ইন্টারনেটে আল কায়েদার দায় স্বীকারের বাইরে পুলিশের কাছে নেই কোনো তথ্য।

তবে একমাত্র প্রতক্ষ্যদর্শী চা দোকানদার সোবহানের ভাষ্যমতে খুনিদের অন্তত একজন সিলেটের বাসিন্দা। তিনি জানান খুনিরা যখন অনন্তকে এলোপাতাড়ি কোপাচ্ছিল তখন তিনি এগিয়ে আসার চেষ্টা করেছিলেন এসময় খুনিদের একজন সিলেটী ভাষায় তাকে ধমক দিয়ে বলে- 'আগুয়াইছ না, আগুয়াইলে ছেদ খাইবে'। (এগোবি না, এগুলে কোপ খাবি)

এদিকে মঙ্গলবার রাতভর খুনিদের ধরার চেষ্টায় অভিযান চালায় বিমানবন্দর থানা, নগরীর আবাসিক হোটেল ও মেসেও অভিযান চালানো হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশের ধারণা খুনিরা এখনো সিলেটেই অবস্থান করতে পারে।

সিলেট মেট্রাপলিটন পুলিশে এডিসি (মিডিয়া) রহমত উল্লাহ জানান, খুনের ধরণ ও প্রাথমিক আলামত থেকে তারা নিশ্চিত হয়েছেন এটা উগ্র ধর্মীয়গোষ্ঠীর সংগঠিত হত্যাকাণ্ড তবে খুনের পর টুইটার বার্তাকে তারা আস্থার সাথে নিচ্ছেন না।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে নয়টার দিকে অনন্ত বিজয় দাশ তাঁর কর্মস্থল পুবালী ব্যংকে যাওয়ার পথে বাসা থেকে কয়েকশ’ মিটার অদূরে সিলেট শহরের সুবিদবাজার এলাকার বনকলাপাড়ায় জঙ্গি সন্ত্রাসীদের চাপাতির আঘাতে খুন হন। সন্ত্রাসীরা তাঁর মাথায় এলোপাথাড়ি কুপাতে থাকলে ঘটনাস্থলে মগজ ছিটকে পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.