Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১২ জুন, ২০১৭

নিহত মুহিদুর রহমান মিন্টু

বিয়ানীবাজারে মসজিদে বাল্ব লাগানোকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে মুহিদুর রহমান মিন্টু নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ জুন) রাতে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন নিহতের পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হন।

এ ঘটনায় নিহত মুহিদুর রহমান মিন্টুর ভাই আসুক আহমদ বাদী হয়ে সোমবার (১২ জুন) সকালে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে আমিনুল ইসলাম তারেক (২৬) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আসুক আহমদ মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন (মামলা নং (৩)- ১২-০৬১৭)। মামলার এজাহারে রুমান, সাবুল, ফখর ও আজিজসহ ৯ জনের নাম উল্লেখ রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পরিস্থিতি এখন পুলিশের অনুকুলে। পুলিশ অভিযান চালিয়ে আমিনুল ইসলাম তারেক নামের এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.