Sylhet Today 24 PRINT

অনন্ত বিজয়ের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে শুক্রবার সিলেটে সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০১৫

বিজ্ঞান লেখক, মুক্তমনা ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবিতে শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংহতি সমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ, সিলেট।

বুধবার হরতাল পরবর্তী এক সংবাদ সম্মেলনে সিলেট গণজাগরন মঞ্চের মুখপাত্র দেবশীষ দেবু সংবাদ মাধ্যমে ছাত্র-শিক্ষক-জনতার সংহতি  সমাবেশের ঘোষণা দেন। তিনি জানান, অনন্ত বিজয়ের খুনিদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

জঙ্গিবাদ বিরোধী এই সমাবেশ সকল শ্রেণী পেশার মানুষকে অংশ নিতে আহবান জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে নয়টার দিকে অনন্ত বিজয় দাশ তাঁর কর্মস্থল পুবালী ব্যংকে যাওয়ার পথে বাসা থেকে কয়েকশ’ মিটার অদূরে সিলেট শহরের সুবিদবাজার এলাকার বনকলাপাড়ায় জঙ্গি সন্ত্রাসীদের চাপাতির আঘাতে খুন হন। সন্ত্রাসীরা তাঁর মাথায় এলোপাথাড়ি কুপাতে থাকলে ঘটনাস্থলে মগজ ছিটকে পড়ে। এই ঘটনায় অনন্তের ভাই বাদি হয়ে অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা করলেও এখনও একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.