Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি  |  ১৪ জুন, ২০১৭

বানিয়াচং উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের আয়োজনে ওপেন হাউজ-ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় বানিয়াচং থানা চত্ত্বরে কমিউনিটি পুলিশিং এর সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক বিপুল ভূষণ রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো.কামরুল আহসান বিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন- পুলিশ ও জনগণের মাঝে সেতুবন্ধন তৈরি করেছে এই কমিউনিটি পুলিশ। এলাকার মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। আমাদেরকে সচেতন হতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে।

ডিআইজি মো.কামরুল আহসান তার বক্তব্যে বলেন-সারা দেশে পুলিশ মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। শুধু পুলিশের উপর কার্যক্রমের অপেক্ষায় না থেকে সমাজের সর্বস্তরের লোকজন এগিয়ে আসলে এসব অপরাধমূলক কর্মকাণ্ড দুর করা সম্ভব। পুলিশ-জনতা একসাথে কাজ না করলে মাদক ও জঙ্গিবাদের মত বড় সমস্যা দুর করা যাবেনা। সমাজে মানুষের শান্তির জন্য নাগরিক এবং পুলিশের পারস্পারিক আস্থা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। আর এ ক্ষেত্রেও সেতুবন্ধন হিসেবে কাজ করবে কমিউনিটি পুলিশিং।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ১৩নং মন্দরি ইউনিয়নের চেয়ারম্যান শেখ সামছুল ইসলাম,জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক। এ সময় সমাবেশে আগত সাধারণ মানুষের সরাসরি ও চিরকুটের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। পরে আগত অতিথিদেরকে সম্মাননা স্মারক তোলে দেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ।

সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা,বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান,থানা পুলিশের সদস্য,জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,কমিউনিটি পুলিশিংয়ের সদস্য,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.