Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে দিনমজুর খুনের ঘটনায় নিরীহদের হয়রানির অভিযোগ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৭ জুন, ২০১৭

বিয়ানীবাজারে দিনমজুর মুহিদুর রহমান মিন্টু (৪০) খুনের ঘটনায় নিরীহ যুবকদের হয়রানির অভিযোগ করেছেন এলাকাবাসী। শনিবার পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামবাসীর পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছোটদেশ গ্রামবাসীর পক্ষে ইউপি সদস্য মো: নাজিম উদ্দিন।

তিনি অভিযোগ করেন, গত ১১ জুন তারাবীর নামাজের পর মুল্লাপুর ইউনিয়নের পাতন পুন্নাপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মুহিদুর রহমান মিন্টু নিহতের ঘটনায় ছোটদেশ গ্রামের আমিনুল ইসলাম তারেককে এজাহারনামীয় আসামী করা হয়েছে। তিনি সংঘর্ষ কিংবা মিন্টু হত্যাকান্ডের সাথে কোনভাবেই সম্পৃক্ত নন।

তিনি বলেন, হত্যাকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামী মৃত নূর উদ্দিন বলুর ছেলে মোছলেখ উদ্দিন সাবুলের আপন ভাগ্নে আমিনুল ইসলাম তারেক। মামার বাড়িতে সংঘর্ষের খবর পেয়ে আহতদের দেখতে যাওয়ায় ক্ষুব্দ হয়ে বাদী পক্ষ তার নাম এজাহারে সংযুক্ত করেছেন। মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে ছোটদেশ গ্রামের মুরব্বীয়ানগণ পাতন গ্রামের মুরব্বীদের সাথে যোগাযোগ করলে তারা আমিনুল ইসলাম তারেককে নির্দোষ বলে আখ্যায়িত করেছেন। এমনকি মামলা থেকে তাকে অব্যাহতি দিতে সহযোগীতা করার প্রতিশ্রতিও দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ইউপি সদস্য মো: নাজিম উদ্দিন বলেন, আগামী মাসে ভিকটিম আমিনুল ইসলাম তারেকের মাষ্টার্স পরীক্ষা। তাই মানবিক কারনে তাকে মুক্তি দিতেও প্রশাসনের অনুরোধ করেছেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম তারেকের পিতা খছরুল ইসলাম, খছরুজ্জামান, মফুর আলী, লুৎফুর রহমান, নিজাম উদ্দিন, আব্দুস সাত্তার, কামাল হোসেন, আব্দুল হামিদ, রুহেল আহমদ রিপন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.