Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পাহাড়ি ঢল ও বজ্রপাতে ৩ জনের মৃত্যু, এক শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০১৭

সিলেটের কোম্পানীগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুই শিশু ভেসে গেছে। ঢলে ভেসে যাওয়া দুই শিশু মধ্যে লাশ মিলেছে এক শিশুর। অন্য শিশু নিখোঁজ রয়েছে। একই ঘটনায় মারা যান আরো এক ব্যক্তি। এছাড়াও বজ্রপাতে একই উপজেলার আরো এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, শনিবার (১৭ জুন) ভোরে উপজেলার পশ্চিম কালাইরাগ গ্রামে অতিবৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা ঢলে সেলিম মিয়া নামে এক ব্যক্তির ঘর ভেসে যায়। ওই ঘরে তখন সেলিমের দুই শিশু তামান্না (৩) ও সুলতানা (১) ঘুমিয়ে ছিল। তখন ঢলের পানিতে ভেসে যায় দুই শিশুই। পরে তামান্নার লাশ পাওয়া যায়। এখনো নিখোঁজ রয়েছে সুলতানা। একই ঘটনায় মারা গেছেন ওই গ্রামের ফারুক মিয়া (৫৬)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, অতিবৃষ্টির ফলে শনিবার ভোরে উজান থেকে নেমে আসা ঢলে সেলিম মিয়ার ঘর ভেসে যায়। ঢলের কারণে দুই শিশু ভেসে গেছে গেলেও তামান্না নামের শিশুটির লাশ পাওয়া গেছে। সুলতানাকে পাওয়া যায়নি। এ ছাড়া একই গ্রামের ফারুক মিয়া উজানের ঢলে ভেসে গিয়ে মারা যান।

ওসি আরো জানান, এছাড়াও ওই উপজেলায় সকাল ৮টার দিকে বজ্রপাতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.