Sylhet Today 24 PRINT

পণ্যে অতিরিক্ত দাম রাখায় সুপারশপ ‘স্বপ্ন’কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুন, ২০১৭

নির্ধারিত দামের চাইতে অতিরিক্ত দাম রাখার অভিযোগে সিলেটে সুপারশপ ‘স্বপ্ন’কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে এ জরিমানা করা হয়। সোমবার অধিদপ্তরের সিলেটের কার্যালয়ে শুনানি শেষে স্বপ্নকে ৪ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ।

অভিযোগকারী ক্রেতা ফেরদৌসী সুলতানা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ এপ্রিল আমি নগরীর বারুতখানা এলাকার স্বপ্ন'র শাখা থেকে একটি পণ্য কিনি। পণ্যের গায়ে ২৪২ টাকা মূল্য লেখা থাকলেও আমার কাছ থেকে ৩২৭ টাকা রাখা হয়। এ ব্যাপারে স্বপ্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সদুত্তর পাইনি।

ফেরদৌসী বলেন, গত ২৯ আমি অনলাইনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করি। অভিযোগ আমলে নিয়ে আজ (সোমবার) আলমপুরে সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযোগের সত্যতা পাওয়ায় স্বপ্নকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে স্বপ্ন'র সিনিয়র অপারেশন আউটলেট ম্যানেজার আবদুল্লাহ আল মাহবুব সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই পণ্যের আগের মূল্য ছিলো ৩২৭ টাকা। পরে তা কমিয়ে ২৪২ টাকা করা হয়। কিন্তু আমাদের ডাটাবেইজে নতুন মূল্য আপডেট করা ছিলো না। এতে আগের মূল্যই রাখা হয়।

একে ভুল বুঝাবুঝি আখ্যা দিয়ে মাহবুব বলেন, এরকম ভুল হলে ক্রেতাকে পরে অতিরিক্ত টাকার সমমানের পণ্য প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.