Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জের আরেফিন টিলায় ঝুঁকিপূর্ণ দশটি ঘর উচ্ছেদ করেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০১৭

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় সরকারি খাস জমিতে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসরত ছোট ছোট দশটি ঘর উচ্ছেদ করেছে প্রশাসন।

মঙ্গলবার (২০ জুন) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলের নেতৃত্বে এ অভিযান চালায় টাস্কফোর্স। উচ্ছেদ হওয়া ঘর গুলোকে সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে থেকেই জানানো হয়েছিল বলে জানান সিলেটটুডে টোয়েন্টি ফোর ডটকমকে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

তিনি জানান, অভিযানে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনের জন্য পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত তিনটি শেলো মেশিন পুড়িয়ে দেওয়া হয়। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান খৃষ্টফার হিমেল রিছিল।

সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড় ধ্বসের ফলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে জানানো হয়, সিলেটের পাহাড়ি অঞ্চলও এ ঝুঁকির মধ্যে আছে। ইতোমধ্যে মৌলভীবাজার জেলার শমশের নগরে পাহাড় ধ্বসের কারণে সারাদেশের সাথে বিচ্ছিন্ন হয় রেল যোগাযোগ। বড়লেখায় পাহাড় ধ্বসে নিহত হন দুইজন। এছাড়া সিলেট জেলার আটটি উপজেলায় টিলাধ্বসের ঝুঁকিতে বসবাস করছে হাজারো মানুষ। অতিবৃষ্টির কারণে যেকোনো ব্যাপক প্রাণহানি ঘটার আশংকা রয়েছে।
  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.