Sylhet Today 24 PRINT

অনন্ত বিজয়ের হত্যার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মে, ২০১৫

এই স্থানেই হত্যা করা হয় লেখক অনন্তকে

বিজ্ঞান লেখক ,মুক্তমনা ব্লগার এবং গণজাগরণ মঞ্চ সিলেটের অন্যতম সংগঠক  অনন্ত বিজয় দাশকে সুবিদবাজারের দস্তিদার দিঘির পাড়ে যে স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে সে স্থানেই একটি স্মৃতি স্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ, সিলেট। শুক্রবার সমাবেশে মঞ্চের মুখপাত্র দেবাশিষ দেবু সিলেট সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে বলেন- আমাদের সহযোদ্ধা অনন্তকে যে স্থানে কুপিয়ে হত্যা করেছে মৌলবাদী ঘাতকরা সে স্থানে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হোক।

তারা আশা করেন সিলেট সিটি কর্পোরেশন মুক্তিযুদ্ধের চেতনার অগ্র সৈনিক অনন্তের জন্য শীঘ্রই দস্তিদার দিঘির পাড়ে একটি  স্মৃতি স্তম্ভ নির্মাণ করবে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে নয়টার দিকে অনন্ত বিজয় দাশ তাঁর কর্মস্থল পূবালী ব্যাংকে  যাওয়ার পথে বাসা থেকে কয়েকশ’ মিটার অদূরে সিলেট শহরের সুবিদবাজার এলাকার বনকলাপাড়ায় দস্তিদার দিঘির পাড়ে ধর্মীয় উগ্রবাদীদের চাপাতির আঘাতে খুন হন। সন্ত্রাসীরা তাঁর মাথায় এলোপাথাড়ি কুপাতে থাকলে ঘটনাস্থলে মগজ ছিটকে পড়ে।  

পরে এক টুইটার বার্তায় আনসার বাংলা-৮ নামের একটি একাউন্ট থেকে হত্যার দায় স্বীকার করে নেয়া হয়। তারা নিজেদের আল কায়েদার উপমহাদেশীয় সহযোগী দাবি করে। মঙ্গলবার রাতেই নিহতের ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে ৪ অজ্ঞাতের নামে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি।

অনন্ত বিজয় দাশ বিজ্ঞান বিষয়ে লেখালেখি করতেন। তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ক ছোট কাগজ ‘যুক্তি’ সম্পাদক। তাঁর লিখিত বিজ্ঞানভিত্তিক একাধিক বই প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে- ‘সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেঙ্কো অধ্যায়’, ‘জীববিবর্তন সাধারণ পাঠ’, ‘ডারউইন: একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা’, পার্থিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.