Sylhet Today 24 PRINT

লন্ডনে গাড়ি হামলায় নিহত বিশ্বনাথের মোকাররমের বাড়িতে শোকের মাতম

জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ  |  ২১ জুন, ২০১৭

ব্রিটেনে একের পর এক হামলার ঘটনায় প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে উদ্বেগ উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ গত রোববার (১৮জুন) রাতে যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদের সামনে গাড়ি হামলায় নিহত হয়েছেন মোকাররম আলী ওরফে হিরণ মিয়া (৫২)।

তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের মরহুম আব্দুল গণির ছেলে। ৩ বোন ৩ ভাইয়ের মধ্যে মোকাররম সর্বকনিষ্ঠ। এলাকাবাসীর কাছে সহজ সরল ও ধার্মিক হিসেবে পরিচিত মোকাররম আলী দীর্ঘ দিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, এক বোন নিয়ে লন্ডনে বসবাস করলেও বাংলাদেশ ও ব্রিটেনে তাদের অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রয়েছেন।

এদিকে দেশে অবস্থানরত দুই বোনের কান্নায় আকাশ বিশ্বনাথের বাতাস ভারী হয়ে উঠেছে। সোমবার (১৯জুন) রাতে লন্ডনে হামলায় মোকাররম আলী ওরফে হিরণ মিয়া নিহত হওয়ার সংবাদ পান বাড়িতে অবস্থানরত তার ভাতিজা জিহাদ আহমদ জাকু।

জাকুর কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার (২০জুন) সকাল থেকে মোকাররমের বাড়িতে ছুটে আসেন পাড়া-প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা। ভাইয়ের খবর জানতে ছুটে আসেন দেশে অবস্থানরত মোকাররমের দুই বোন সিতারা বেগম ও তেরাবান বিবি।

হামলাকারীর ফাঁসির দাবি করে তারা (দুই বোন) বলেন, সর্বশেষ গত ২৫ মে তাদের সঙ্গে কথা হয় মোকাররমের। এসময় মোকাররম বলেছেন, আমি অসুস্থ মানুষ, আর কবে দেশে ফিরব জানিনা, তোরা আমার জন্য দোয়া করিস। তারা বলেন, তাদের ভাই মোকাররম একজন সহজ সরল ও ধার্মিক লোক ছিলেন। সোমবার রাতে মোবাইল ফোনের খবরে তারা নিশ্চিত হন লন্ডনে গাড়ি হামলায় নিহত একমাত্র বাংলাদেশী আর কেউ নয় তাদের ছোট ভাই মোকাররমই।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোকাররম বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের দিকে যুক্তরাজ্যে পাড়ি জমান। সর্বশেষ ২০১৬ সালে কোরবানির ঈদে দেশের বাড়িতে অবস্থান করছিলেন।

এদিকে, যুক্তরাজ্যে এধরনের সন্ত্রাসী হামলার ঘটনার বিস্ময় প্রকাশ করেছেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক। তিনি হামলাকারীর ফাঁসির দাবি জানিয়ে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লন্ডনে প্রচুর সংখ্যক আমাদের সিলেট তথা বিশ্বনাথের লোকজন বসবাস করছেন। কিন্তু ঘন ঘন হামলা আর সংঘর্ষের ঘটনায় আমরা উদ্বিগ্ন।

বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম জানান, তিনি শুনেছেন লন্ডনে গাড়ি হামলায় নিহত হয়েছেন বিশ্বনাথের মোকাররম ওরফে হিরণ মিয়া নামের একজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.