নিজস্ব প্রতিবেদক | ১৫ মে, ২০১৫
সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কেউ দেশকে কখনো কিছু দিতে পারেনি। তার নেতৃত্বে সবসময় দেশ এগিয়ে গেছে। যে কারণে গত ৩ মাস নাশকতার পরও দেশের মানুষের মাথাপিছু আয় ১২শ’ থেকে ১৩৪০ ডলারে উন্নীত হয়েছে।
তিনি শুক্রবার রাতে নগরের একটি হোটেলে পাক্ষিক বিশ্বনাথ বার্তার প্রথম বর্ষ পূর্তি ও অনলাইন সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জিডিপি একটি দেশের মানদন্ড নির্ধারণ করে। বাংলাদেশে জিডিপি ভারতের চেয়েও বেশি। তাদের জিডিপি ৫ এর কোঠায়। কিন্তু বাংলাদেশের জিডিপি ৭ এর কাছাকাছি। সম্প্রতি বিএনপিজোটের জ্বালাওপোড়ায় আন্দোলন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ করেছে। অন্যথায় আমরা জিডিপি ৭.২-এ পৌঁছাতে পারত। তিনি এসব অপরাজনীতি রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
দেশের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার জন্য এ পেশায় নিয়োজিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পাক্ষিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মো. মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সুশানের জন্য নাগরিক (সুজন) এর সিলেট জেলা শাখার সভাপতি সিলেট চেম্বারের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী।
বিশ্বনাথ বার্তার উপদেষ্ঠা সম্পাদক এ এইচ এম ফিরোজ আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট আফম সাঈদ, রাগিব-রাবেয়া ডিগ্রি কলেজের প্রফেসর খালেদ উদ্দিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার সমাজসেবা সম্পাদক ডা. খুরশেদা আক্তার, দৈনিক সিলেট সুরমার বার্তা সম্পাদক ফয়সল আলম, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম আব্দুর রহমান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, বিশিষ্ট রাজনীতিবিদ শেখ শহিদুল ইসলাম, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ছালিক মিয়া, বিশ্বনাথ বার্তার বার্তা সম্পাদক এনামুল হক মামুন, স্টাফ রিপোর্টার শুকরানা আহমেদ রানা, মঞ্জুর আহমদ আরিফ, জয়নাল আবেদীন প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ বার্তার স্টাফ রিপোর্টার এটিএম আব্বাস।