Sylhet Today 24 PRINT

ওসমানীনগরের সেই মানসিক রোগীকে প্রবাসীর ২০হাজার টাকা অনুদান প্রদান

ওসমানীনগর প্রতিনিধি |  ২২ জুন, ২০১৭

গত ৩জুন ‘ওসমানীনগরে রোগাক্রান্ত সন্তানকে পুলিশে সোপর্দ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পড়ে যুক্তরাজ্য প্রবাসী হারুন-উর-রশিদ ও আব্দুল কাইয়ুমের উদ্যোগে সিলেটের ওসমানীনগরের সেই মানসিক রোগী মশিদ মিয়ার চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে অনুদানকৃত টাকা অসুস্থ মশিদ মিয়ার পিতা শফিক মিয়া ও মাতা ছৈইদুন বিবির হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সম্পাদক জুবেল আহমদ সেকেল, এস আই মহিবুর রহমান, সাংবাদিক মো. কয়েছ মিয়া ও ধারা ভাষ্যকার আলী হোসেন রানা।

জানা যায়, গত ২ জুন টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে উপজেলার তাজপুর ইউপির নটপুর গ্রামের জেলে পল্লীর মশিদ মিয়া (২৮) নামে এক মানসিক রোগী ছেলেকে পুলিশে দিলেন মশিদ মিয়ার পিতা-মাতা। পিতা-মাতার অভিযোগের ভিত্তিতে হাত পা শিকলে বাধা মশিদ মিয়াকে পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার করে। অভিযোগ তামিলকারী ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে মশিদ ও তার পরিবারের করুণ কাহিনী শুনে মশিদকে জেল হাজতে প্রেরণের পরিবর্তে নিজের পকেট থেকে কিছু টাকা সহ উপস্থিত এলাকাবাসীর নিকট থেকে আরো কিছু টাকা তুলে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনাটির সচিত্র প্রতিবেদন পর দিন ৩ জুন বিভিন্ন গণমাধ্যমে ‘ওসমানীনগরে রোগাক্রান্ত সন্তানকে পুলিশে সোপর্দ সংবাদটি প্রকাশিত হলে, যুক্তরাজ্য প্রবাসী ওসমানীনগর-বালাগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ও প্রবাসী ওসমানীনগর-বালাগঞ্জ আদর্শ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের দৃষ্টি গোচর হয় সংবাদটি। এর প্রেক্ষিতে মশিদ মিয়ার চিকিৎসার জন্য ধারা ভাষ্যকার আলী হোসেন রানার মাধ্যমে তারা ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। মশিদ মিয়ার পিতা শফিক মিয়া প্রবাসীদের অনুদানের টাকা গ্রহণ করে আবেগ আপ্লুত হয়ে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টাকার অভাবে ছেলে চিকিৎসা করাতে না পেরে ছেলেকে পুলিশে দিতে চেয়েছিলাম।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.