সিলেটটুডে ডেস্ক | ২৪ জুন, ২০১৭
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটসহ সারা দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। দেশে থাকা সত্ত্বেও সিলেটবাসীর সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন না বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ঈদের ছুটির পরপরই ২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় বাজেট পাশ হবে, তাই ব্যস্ততার কারণে তিনি সিলেটবাসীর সঙ্গে ঈদ উদযাপনে শরিক হতে পারছেন না।
সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত এক শুভেচ্ছা বার্তায় বলেন, দেশে থাকলে আমি সাধারণত সিলেটবাসীর সাথে ঈদ উদযাপন করি। কিন্তু, ঈদের ছুটির পরপরই জাতীয় বাজেট পাশের নির্ঘন্ট আছে বলে আমি দেশে থাকা সত্ত্বেও সিলেটে ঈদ উদযাপন করতে পারছি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে, সুখে-দুঃখে সবসময় আমি সিলেটবাসীর সাথে আছি এবং থাকব।
তিনি বলেন, সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রীতির শহর। এখানে সব ধর্মের মানুষের সহাবস্থান এবং পরষ্পর সহযোগিতা ও সহমর্মিতা দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতিবছরের ন্যায় এবারও আইনশৃংখলার প্রতি শ্রদ্ধাশীল থেকে সুখ ও স্বাচ্ছন্দ্যে মুসলমানগণ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপন করবেন আমি এই কামনা করছি।
এদিকে, ২৫ জুন থেকে শুরু হওয়া সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অর্থমন্ত্রী সিলেটের হিন্দু সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেন এবং তাদের প্রতি শুভেচ্ছা জানান।
অর্থমন্ত্রী বলেন, আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ও সুশৃখংলভাবে উদযাপন করতে পারলে সমাজ থেকে অশান্তি বিতাড়িত হবে এবং দেশের উন্নয়ন গতিশীল হবে। সকলের সম্মিলিত প্রয়াসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাসস