Sylhet Today 24 PRINT

মসলার বাজারে ক্রেতাদের ভিড়, বেড়েছে দাম

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুন, ২০১৭

ঈদের ঠিক আগ মূহূর্তে মসলার বাজারে ভিড় করেছেন ক্রেতারা। এরফলে সিলেটের বাজারে বেড়েছে সব ধরণের মশলার দাম। ঈদের মৌসুমে চাহিদা বেড়ে যাওয়া ও সরবরাহ কম থাকায় মসলার দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সিলেটের ব্রহ্মময়ী বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৩০০ টাকায়। লবঙ্গ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭শ’ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে লবঙ্গের দাম বেড়েছে ৫শ’ টাকা। গোলমরিচ এবং এলাচিও প্রতি কেজি ১৭শ’ টাকায় বিক্রি হচ্ছে। এই দুই মসলা আইটেমের দামও এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৪শ’ থেকে ৫শ’ টাকা।  দারুচিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে দারুচিনির দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। প্রতি কেজি পিয়াজ এক সপ্তাহ আগে ১৫ টাকায় বিক্রি হলেও এখন বেড়ে দাড়িয়েছে ২০ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে গুড়া মরিচ, হলুদ ও ধনিয়ার দাম। এই পণ্যগুলো কেজি প্রতি ১৫০ থেকে ২শ’ টাকায় বিক্রি হচ্ছে।

আর কিছুটা কমেছে রসুনের দাম। এক সপ্তাহও আগে প্রতি কেজি রসুন ৮০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

ব্রহ্মময়ী বাজারের ব্যবসায়ী সাইস্তা মিয়া বলেন, ঈদের সময় এসব পণ্যের চাহিদা অনেকটা বেড়ে যায়। এতে সরবরাহ সঙ্কট দেখা দেয়। ফলে দাম কিছুটা বাড়ে। তবে এবার দাম তেমন বাড়েনি বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.