Sylhet Today 24 PRINT

মারা গেল বিপন্ন প্রজাতির ‘সেই’ শকুনটি

মৌলভীবাজার প্রতিনিধি  |  ২৬ জুন, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির সেই বাংলা শকুনটি অবশেষে মারা গেছে।

সোমবার (২৬জুন) দুপুরে লাউয়াছড়া জাতীয় পার্কের রেসকিউ সেন্টারে মারা যায় শকুনটি।

শকুনটির সেবা শশ্রুষার দায়িত্বে থাকা বন্যপ্রাণী বিভাগের গার্ড শফিক সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার থেকে শকুনটির অবস্থার উন্নতি হলেও গতকাল রোববার (২৫ জুন) অবস্থার অবনতি হলে শকুনটি সোমবার মারা যায়।

বন্যপ্রাণী বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, বুধবার রাত থেকে শকুনটিকে সুস্থ করতে রেসকিউ সেন্টারে চিকিৎসা চলছিল। গ্লুকোজ, স্যালাইন ও পানি ইত্যাদি দেয়ার পর শকুনটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে মুরগীর মাংস খেতে দেয়া হয় শকুনটিকে।

গত বুধবার (২১ জুন) দুপুরে শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকার একটি মাঠে শকুনটিকে পড়ে থাকতে দেখে এটির সাথে খেলা জুড়ে দেয় স্থানীয় কিছু শিশু-কিশোর। এক পর্যায়ে তারা শকুনটিকে গাছের সাথে দড়ি দিয়ে বেধে রাখে। সেখান থেকে অসুস্থ অবস্থায় এ শকুনটিকে উদ্ধার করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছিল। শকুনটি পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রজাতির বাংলা শকুন বলে জানিয়েছিল বন্যপ্রাণী বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.