Sylhet Today 24 PRINT

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৬ মে, ২০১৫

হবিগঞ্জের বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, এক খন্ড জমি নিয়ে ওই গ্রামের কাছম আলীর ছেলে আব্দুল হক ও নূরা মিয়ার ছেলে হীরা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার সকালে হীরা মিয়া ওই জমি দখল করতে গেলে আব্দুল হকের লোকজন বাধা দেয়। এর জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় জয়বানুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং জয়নাল মিয়া, ফজল মিয়া, নানু, আয়াত আলী, আর্শেদ আলী, আব্দুর রউফ, লাল মিয়া, আলকাছ মিয়া, আব্দুর রহিম, আব্দুল আজিজ, জয়নাল, বুরহান, ফরিদ মিয়া, সুজনা বেগম, হীরা মিয়া, সালেক মিয়া, আসিব আলী, রুমান মিয়া, আবুল কালাম, সজিব, আব্দুল মজিদ, মখলিছ মিয়াকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.