Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৭

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে নিখোঁজ হওয়ার একদিন পর যুবক ফরহাদ আহমেদের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জুন) দুপুরে স্থানীয় বিলে তার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত ফরহাদ আহমেদ (২২) চারখাই ইউনিয়নের তরঙ্গ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। সে রোববার রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন বলে স্বজনরা জানান।

জানা যায়, এলাকার জনৈক তারেক এবং আরও কয়েকজন রোববার রাত ৯টার দিকে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে ফরহাদ নিখোঁজ ছিলেন। পরিবারের ধারণা, তারেক সহযোগীদের নিয়ে ফরহাদকে  নির্যাতন করে পানিতে ফেলে দেয়।

স্থানীয়রা জানান, তারেকের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি অভিযোগ রয়েছে। তার সাথে ফরহাদের পূর্ব বিরোধ ছিল।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা গ্রামের একটি বিল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল সম্পন্ন শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.