নিজস্ব প্রতিবেদক | ২৭ জুন, ২০১৭
সুনামগঞ্জের ছাতকে সিলেট জেলার বারের সদস্য ও এক স্থপতির উপর হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন এডভোকেট টি. এম.মুহি উদ্দিন মাহি ও তার চাচা স্থপতি টি. এম. আহমেদ আনহার, তারা উভয়েই ছাতকের পালপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (২৬ জুন) সন্ধ্যায় ৭টার দিকে ছাতকের পালপুর বাজারে হামলার এই ঘটনা ঘটে।
আহত আইনজীবীর সহকর্মী এডভোকেট মোহাম্মদ রব নিয়াজ রানা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, এডভোকেট টি. এম. মুহি উদ্দিন মাহি ও তার চাচা স্থপতি টি.এম. আহমেদ আনহার উপজেলার গোবিন্দগঞ্জ থেকে নিজ বাড়ি পালপুর গ্রামে ফেরার পথে পালপুর বাজারে পৌঁছালে তাদের ওপর হামলা চালানো হয়।
পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা বলে অভিযোগ তার।
গুরুতর আহত অবস্থায় টি. এম. মুহি উদ্দিন মাহিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রব নিয়াজ রানা।
এ বিষয়ে জানতে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।