নিজস্ব প্রতিবেদক | ১৬ মে, ২০১৫
শহরতলীর বৃহত্তম খাদিম নগর ইউনিয়নের সাহেব বাজার এলাকাধীন বেশ কয়েকটি গ্রাম গত ৪ দিন থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। যার ফলে ক্ষোভে ফোঁসে উঠেছেন এলাকাবাসী। রাস্তা আটকে অবরোধ ও বিক্ষোভ করছেন এলাকার জনসাধারণ।
স্থানীয় সূত্রে জানা যায়- খাদিম নগর ইউনিয়নের সাহেব বাজার এলাকাধীন ছড়ারপাড়, রামপুর, ফতেগড়, বড়বন, চালিরমহল, দয়েরবহর, পাঠানগাঁও, টিল্লাপাড়া, খানাপাড়া, খান্দিপাড়া, নোশাইনসহ আরো প্রায় ১০টি গ্রামে ১৩ মে বৃহস্পতিবার মধ্যরাতের প্রচন্ড ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ওই এলাকার এক বাসিন্দা জানান, প্রচন্ড গরমে এসব এলাকায় বিদ্যুত না থাকায় অতিষ্ট হয়ে পড়েছেন গ্রামবাসী। কিন্তু ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ অফিসে ফোন করেও এর কোন সুরাহা হচ্ছে না। বিদ্যুতবিহীন অবস্থায় ওই এলাকার শত শত বাসা বাড়িতে ছাত্র-ছাত্রীরা চলমান এইচএসসি পরীক্ষার পড়ালেখা করতে পারছে না। মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করতে হচ্ছে। অনেকের বাসা ও দোকানপাঠে ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে দূর্গন্ধ ছড়াচ্ছে , অনেকেই আবার বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ক্ষোভের স্বরে বলেন বিদ্যুতের ভেলকিবাজি আর কয়দিন চলবে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ অফিস-২ সাহেববাজার এলাকার দায়িত্বে থাকা জিএম জানান- বিদ্যুতের ৩০ কেবির একটি লাইন টাওয়ারের উপরে পড়ে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিস ও পিডিবি অফিসেও একি রকম দূর্ভেোগ পোহাতে হচ্ছে। আমরা এব্যাপারে অবগত আছি অত্র এলাকাগুলোতে বিদ্যুত অফিসের দু’টি টিম এই মুহুর্তে কাজ করছে ধৈর্য্য সহকারে অপেক্ষা করতে হবে। তবে কবে নাগাদ বিদ্যুত সংযোগ পুনঃস্থাপন হবে তিনি এব্যাপরে কিছুই জানাননি।