সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল | ২৮ জুন, ২০১৭
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পর্যটন সমৃদ্ধ স্থানগুলো এখন পর্যটক ও স্থানীয় জনসাধারণের পদচারণায় মুখরিত। সারা বছরেই এই পর্যটন কেন্দ্রগুলোতে দেশ-বিদেশের সৌন্দর্য পিপাসুদের সাথে সাথে স্থানীয় সকল বয়সের জনসাধারণের উপচে পড়া ভিড় থাকে। ঈদের ছুটিতে এই ভিড় দ্বিগুণ বেড়েছে।
'চায়ের রাজধানী' শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন স্থানগুলো ঘুরে দেখা যায়, দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়।
৭১ বধ্যভূমিতে ঘুরতে কুমিল্লা থেকে আসা শিহাবের সাথে কথা হয়। তিনি জানান, সারা বছর কর্ম ব্যস্ততার কারণে দেশের পর্যটন স্থানগুলো ঘুরে দেখার সুযোগ হয় না। তাই ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে পর্যটন নগরী খ্যাত শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে আসলাম।
লাউয়াছড়ায় ঘুরতে আসা আরেক পর্যটক তৌহিদ জানান, আমি দেশের প্রায় সবকয়টি পর্যটন স্থান ভ্রমন করেছি। কিন্তু চায়ের রাজধানী শ্রীমঙ্গল আমাকে বারবার কাছে টানে। বিশেষ করে চা-বাগানের অপার সৌন্দর্য দেখতে আসি।
এছাড়াও বিটিআরআই, লেমন গার্ডেন, চা-কন্যা ভাস্কর্য, মনিপুরী বস্তি, নীলকন্ঠ চা-কেবিন, গ্র্যাণ্ড সুলতান, টি রিসোর্ট ইত্যাদি স্থানগুলোতে ভ্রমন পিপাসুদের ভিড় ছিল দেখার মতো।