Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি |  ২৯ জুন, ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে আশরাফুল হাসানের (২৩) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুন) দুপুর আনুমানিক ১.৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে মৃতের বন্ধু সূত্রে যানা যায়।

সুনামগঞ্জ শহরের হাজীপাড়ার গণপূর্তে কর্মরত চাঁন মিয়ার ছেলে আশরাফুল সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আশরাফুলের বন্ধু এমসি কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাফিজুল ইসলাম জানায়, মঙ্গলবার বিকালে তাহিরপুর সীমান্তে বেড়ানোর উদ্দেশ্যে তারা ১৮ জন বন্ধু সীমান্তের টেকেরঘাটে যায়। ওখান থেকে ফেরার সময় বুধবার দুপুর ১ টায় টাঙ্গুয়ার হাওরে পৌঁছায় তারা। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে ট্রলার বেঁধে পানিতে সাঁতার কাটতে নামে সকলে। কিছুক্ষণ পর তাহিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় তারা।

তিনি আরও জানান, ট্রলারের উপরে আশরাফুলের তোয়ালে দেখে সে ভেতরে টয়লেটে আছে ভেবে ট্রলার নিয়ে রওয়ানা দেয় সকলে। ১৫ মিনিট ট্রলার চলার পর আশরাফুলকে না দেখে ট্রলার নিয়ে আবার ওয়াচ টাওয়ারের পাশাপাশি যায় তারা। ওখানে টাওয়ারের ১০-১৫ ফুট দূরেই আশরাফুলকে চেতনাহীন অবস্থায় ভাসতে দেখা যায়। পরে স্পিডবোটে করে তাহিরপুর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, আশরাফুলের মরদেহ থানায় রয়েছে। তার পরিবারের সকল সদস্যরা আসার পর তাদের সঙ্গে কথা বলে ময়না তদন্ত বা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.