সিলেটটুডে ডেস্ক | ২৯ জুন, ২০১৭
সিলেটের বিশ্বনাথে বাতিঘর-এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী করে তোলার লক্ষ্যে ‘উচ্চশিক্ষার স্বপ্ন, সম্ভাবনা এবং করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জুন) দুপুরে উপজেলার রাজাগঞ্জ বাজারস্থ বাতিঘর কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিয়াদুল ইসলাম চৌধুরী সাদি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ নূরুল ইসলাম এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আলমগীর শাহরিয়ার। সেমিনার উদ্বোধন করবেন শিক্ষাবিদ এটিএম নূর উদ্দিন।
জিয়াদুল ইসলাম চৌধুরী সাদি তার বক্তব্যে বলেন, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী মানুষ রয়েছেন। আত্মবিশ্বাস আর পরিশ্রমের মাধ্যমেই প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক সফল মানুষ বের হয়েছেন। এই ধারাকে আরও সুসংহত করতে হবে আর এজন্য তরুণদের উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী করে তুলতে হবে।
মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, ৬০-৮০ এর দশকসমূহে সিলেটের মানুষ এদেশের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে সিলেটের মানুষের অতিরিক্ত প্রবাসমুখিতা তাদেরকে নেতৃত্ব থেকে কিছুটা হলেও পিছেয়ে দিয়েছে। আমাদেরকে উচ্চশিক্ষিত হতে হবে, এদেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
আলমগীর শাহরিয়ার তার বক্তব্যে বলেন, জীবনে সফল হতে হলে অদম্য, আপসহীন স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে সফল হতে হলে পড়াশোনা এবং অধ্যবসায়ের কোন বিকল্প নাই। পড়াশোনা আর অধ্যবসায়ের মাধ্যমেই কেবল নিজের সুপ্ত প্রতিভার স্ফুরণ ঘটানো সম্ভব ।
বাতিঘর সভাপতি সুমন আহমদের সভাপতিত্ব এবং সহ-সাধারণ সম্পাদক ইমাদ উদ্দীনের পরিচালনা এবং সাংগঠনিক সম্পাদক মু. শরীফ হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত সেমিনারে উপস্থিত ছিলেন বেবি কেয়ার একাডেমির ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, সংগঠক মির্জা মো. গিয়াস, সংগঠক রাজু আহমদ, বাতিঘর'র সাবেক সভাপতি মো. মাস-উদ হাসান, মুহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি কাওছার আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসাইন, বাতিঘর'র সহ-সভাপতি আতিকুর রহমান আলমগীর, সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. রেদ্বওয়ান, একতা ছাত্র সংঘের সাবেক সভাপতি আফজল আহমদ শিশু, সভাপতি আব্দুল মুকিত, সংগঠক হাফিজ নুরুল হক প্রমুখ।
বাতিঘর'র ক্যারিয়ার কাউন্সিলিং কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত সেমিনারে বিশ্বনাথের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকবৃন্দ।