Sylhet Today 24 PRINT

৮ জুলাই সিলেটে শ্রমিক সমাবেশ, ‘কঠোর কর্মসূচির’ হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০১৭

আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ ডেকেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামী ৮ জুলাই সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনালে আহুত সমাবেশ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। বৃহস্পতিবার দুপুরে নগরীর কদমতলীস্থ সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় বক্তারা বলেন, গত ২১ এপ্রিল ৮ দফা দাবি নিয়ে সিলেটে ধর্মঘট ডাকা হয়। কিন্তু অবৈধ স্ট্যান্ডগুলো দখলমুক্ত ও পরিবহন শ্রমিকদের ৮ দফা দাবি পূরণে প্রশাসন আশ্বাস প্রদান করলে ধর্মঘট প্রত্যাহার করে নেন পরিবহণ শ্রমিক নেতারা। কিন্তু আজ ২ মাস অতিবাহিত হলেও অবৈধ দখলবাজদের উচ্ছেদ ও ৮ দফা দাবি পূরণ করা হয়নি।

এছাড়াও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের স্ট্যান্ডগুলোর দখলদারদের বিরুদ্ধে মামলা দেওয়া হলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। অটোরিকশা স্ট্যান্ডগুলোর জন্যে তারা শ্রমিকলীগকে দোষারোপ করেন।

পরিবহন নেতা জমির আহমদের সভাপতিত্বে ও মালিক সমিতির মহাসচিব কালাম মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক, কার্যকরী সভাপতি দিলু মিয়া, মালিক সমিতির সহসভাপতি আব্দুর রহিম, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সহ সাধারণ সম্পাদক আজাদ মিয়া, রফিক মিয়া, অটোটেম্পো লেগুনা সমিতির সভাপতি রুনু মিয়া মইন, শ্রমিক জোট সভাপতি মতছির আলী, সড়ক পরিবহনের যুগ্ম সম্পাদক আয়ুবুর রহমান, কোষাধ্যক্ষ সামছুল হক মানিক, ট্রাক সাধারণ সম্পাদক গফুর মিয়া, অটোরিকশা ৭০৭-এর কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.