Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৪০ বছর পর সম্পত্তি ফিরে পেল এক হিন্দু পরিবার

মাধবপুর প্রতিনিধি  |  ৩০ জুন, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীতে গ্রামবাসীর প্রচেষ্টায় নিজেদের পিতৃ সম্পত্তি ফিরে পেলেন সুনীল পাল এবং সজল পাল।

নিজ দেশে ৪০ বছর যাবত পরবাসী ছিলেন চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর গ্রামের সুনীল পাল এবং সজল পাল। তাদের বাবা তৎকালীন জমিদার অশ্বিনী পাল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর জমিদার অশ্বিনী পালের দুই ছেলে দেশে এসে দেখেন, তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি কাশিমপুর গ্রামের প্রভাবশালী আব্দুস ছালাম দলিলবিহীন দখল করে ফেলেছেন। তখন থেকে এই হিন্দু পরিবার আশ্রয় নেয় অন্যের বাড়িতে। এক কালের জমিদার পরিবারটি পরের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস শুরু করে। সুনীল ও সজল তাদের বাবার সম্পত্তি ফিরে পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরে ফিরেছেন বছরের পর বছর।

শুক্রবার (৩০ জুন) সকালে  গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকজন সজল এবং সুনীলের সম্পত্তি (১ একর ৪৫ শতক) আব্দুস ছালামের কাছ থেকে উদ্ধার করে। পরে সেখান বসত ঘর ও মন্দির নির্মাণ শুরু করেন তারা।

সুনীল-সজলের সম্পত্তি ফিরিয়ে দিতে উদ্যোগী হন চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরীর নাতি ব্যবসায়ী মাহমুদুল হাসান চৌধুরী (লালন চৌধুরী)। এ ব্যাপারে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে তিনি বলেন, "মানবিক দিক বিবেচনায় এই উদ্যোগ নিয়েছি। আমরা বহু বছর থেকেই জেনে এসেছি এটা কার সম্পত্তি। সুনীল-সজলদের সব বৈধ কাগজপত্র আছে। আমরা সবাই মিলে তাদের সহায়তা করেছি।"

স্থানীয় মুরুব্বিরা জানান, নিরীহ সজল পাল ও সুনীল পালের বাবার অনেক সম্পত্তি এখনো প্রভাবশালীদের দখলে রয়েছে। গ্রামবাসী আশাবাদী, বাকি সম্পত্তি উদ্ধার করে তারা আবারও স্থাপন করবেন হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

গ্রামবাসীর পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন মঙ্গলপুর ভূঁইয়া বাড়ির সালাহ উদ্দিন ভূঁইয়া, জয়পুর গ্রামের আমিনুল ইসলাম ভুট্টো, চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জুয়েলসহ অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.