জগন্নাথপুর প্রতিনিধি | ০১ জুলাই, ২০১৭
ওএমএসের চাল পাচার ঘটনার মামলার আসামী ডিলার আব্দুল বারিক
জগন্নাথপুরে ওএমএস’র চাল পাচারের ঘটনায় ডিলার আব্দুল বারিককে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আব্দুল বারিক উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত জাহির উল্ল্যার ছেলে।
শুক্রবার রাতে আব্দুল বারিক সহ চার জনকে আসামী করে জগন্নাথপুর থানায় ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫(ডি) ধারায় মামলা (নং-১০ তাং-৩০/০৬/২০১৭ ইং) করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী।
মামলার অপর আসামীরা হলেন, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের হরমুজ আলীর ছেলে বাদল মিয়া (৩০), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আব্দুল আজিবের দুই ছেলে রাজিব হোসেন (২৪) ও আক্তার হোসেন (২১)।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ জুন) উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোওগাঁও গ্রামের আব্দুল বারিক এবং অপর তিন সহযোগী সহ ৮ বস্তা ওএমএস’র (ওপেন মার্কেট সেল) চাল ও টমটম আটক করা হলেও বারিক কৌশলে পালিয়ে যান।
ডিলার আব্দুল বারিককে পুলিশ এখনও গ্রেপ্তার করা যায়নি বলে থানা পুলিশ জানিয়েছে।
তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশীদ চৌধুরী জানান। তিনি জানান, আটককৃত তিনজন মামলার আসামী হওয়ায় শনিবার (১ জুলাই) সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।