Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৭

বিয়ানীবাজারে বন্যা পরিস্থিতি অপরির্তিত রয়েছে। উঁচু এলাকাগুলোয় পানি না বাড়লেও নিচু এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার পর্যন্ত দুটি আশ্রয় কেন্দ্রে ২০টি পরিবার আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন থেকে সাড়ে ১৪ টন ত্রাণ উপজেলায় এসে পৌঁছেছে। শনিবার এগুলো দূর্গত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

শনিবার কুশিয়ারা নদীতে পানি বাড়েনি। তবে নিম্নাঞ্চলের কিছু স্থানে কুশিয়ারা নদীর তীর উপচে পানি ঢুকে পড়েছে। বন্যাকবলিত বিয়ানীবাজার পৌরসভা ও অন্য ইউনিয়নের উঁচু এলাকায় পানি বৃদ্ধি পায়নি। মাথিউরা, তিলপাড়া, কুড়ার বাজার ইউনিয়নের  নিচু এলাকাগুলোর কয়েকটি গ্রাাম্য বাজার ও সড়ক নতুন করে প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকার লক্ষাধিক মানুষ কার্যত পানি বন্দী হয়ে পড়েছেন।

গত শুক্রবার পর্যন্ত দুটি আশ্রয় কেন্দ্রে ২২টি পরিবার আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মুড়িয়া ইউনিয়নের বড়উধা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫টি ও দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়া, খাড়াভরা গ্রামের ৩টি পরিবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে। সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহসড়কের যান চলাচল কম ছিল। সড়কের বিভিন্ন অংশ পানির নিচে থাকায় সিলেট-বিয়ানীবাজার ও বিয়ানীবাজার-চন্দরপুর-সিলেট সড়কে অটোরিক্সাসহ ছোট যান সরাসরি চলাচল করতে পারেনি। এর ফলে যাত্রী সাধারণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বেশ কিছু গ্রাম্য সড়ক প্লাবিত থাকায় সেগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

জেলা প্রশাসন থেকে সাড়ে ১৪ টন ত্রাণ উপজেলায় এসে পৌছেছে। শনিবার সেগুলো দূর্গত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে দূর্গত এলাকার মানুষজন গবাদিপশু নিয়ে উচুস্থান, আত্মীয়দের বাড়ি ও সড়কে আশ্রয় নিয়েছেন। সংকট দেখা দিয়ে গো খাদ্যের। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়ার অর্থায়নে গত বৃহস্পতিবার দুবাগ ইউনিয়নের সাদিমাপুরম, সিলেটি পাড়া, পাঞ্জেপুরি ও চরিয়া এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ আসাদুজ্জামান, বিয়ানীবাজার পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুস শুকুর, শিক্ষামন্ত্রীর এপিএস ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল। তারা দুর্গত এলাকার মানুষের সাথে কথা বলে ও তাদের সমবেদনা জানান ও দ্রুত সরকারি ত্রাণ বিতরণের আশ্বাস দেন।

উল্লেখ্য গত কয়েকদিনের  টানা ভারী বর্ষন ও ও উজানী ঢলের প্রভাবে গত সোমবার থেকে বিয়ানীবাজার উপজেলার ৭ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বন্যা দেখা দিয়েছে। কুশিয়ারা নদীর পাঁচটি জায়গায় ডাইক (নদী রক্ষা বাঁধ) ভেঙ্গে পানি প্রবেশ করায় বিয়ানীবাজারে অকাল বন্যা দেখা দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.