মাধবপুর প্রতিনিধি | ০১ জুলাই, ২০১৭
চল্লিশ বছর পর বেদখল হওয়া বাড়ি শুক্রবার ফিরে পেয়েছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর গ্রামের সুনীল পাল এবং সজল পাল। তবে একদিনই পরই শনিবার বিকেলে তাদের বাড়িতে হামলা চালিয়েছে পূর্ববর্তী দখলদাররা। হামলাকারীরা তাদের ঘর ও দেবতার মূর্তি ভাংচুর করে।
স্থানীয় লোকজন জানান, কাশিমপুর গ্রামের মৃত অশ্বিনী পালের ছেলে সুনীল চন্দ্র পালের বাড়িতে শনিবার বিকেলে একই গ্রামের আব্দুস সালামসহ ২৫/৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় তাদের ঘরে থাকা দেবতার মূর্তি ভাংচুর করেন। হামলায় সুনীল পালের ভাই সজল পাল ও তার স্ত্রী রূপালী পাল আহত হন।
এরআগে গত শুক্রবার স্থানীয় এলাকাবাসীর সহেযােগীতায় আব্দুস সালামের দখলে নিজেদের জমি ফিরে পান সুনীল ও সজল। সেদিনই তারা ওই জমিতে ঘর নির্মান করেন। শনিবার আব্দুস সালামের নেতৃত্বে হামলা চালিয়ে ওই ঘর ভাংচুর করা হয়।
সুনীল পাল জানান, আব্দুস সালামের সঙ্গ তার জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। হঠাৎ শনিবার বিকেলে আব্দুস সালাম ও তার আত্মীয় চৌমুহনী ইউপি ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদিরের লোকজন ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।
জানা যায়, গত ২৮ জুন সুনীল পাল তাদের উপর হামলার আশংকা করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার দুই দিন পর হামলার ঘটনা ঘটে।
শনিবার বিকেলে হামলার খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক ) মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ পরিদর্শক মনোয়ার হোসেন হামলার সত্যতা নিশ্চিত করেন।
ইউপি সদস্য আব্দুল কাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি আব্দুস সালামের। সুনীল পাল জোর করে ঘর তুলেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন পিপিএম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।