Sylhet Today 24 PRINT

কর্মবিরতিতে সিলেটের আইনজীবীরা, আইনি কার্যক্রম ব্যাহত

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুলাই, ২০১৭

এক আইনজীবীর উপর হামলার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন সিলেটের সকল আইনজীবীরা। ফলে আদালত বসলেও আইনজীবীরা অনুপস্থিত থাকায় সোমবার সিলেটের সকল আদালতেই আইনি কার্যক্রম ব্যাহত হয়। ফলে বিচার প্রত্যাশীদের দুর্ভোগে পড়তে হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির ডাকে কর্মবিরতি পালনের পাশাপাশি সোমবার সকালে নগরীতে প্রতিবাদ মিছিলও করেন আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. লালা জানান, ঈদের দিন ছাতকে নিজ গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন সমিতির সদস্য এডভোকেট টি.এম মুহী উদ্দীন চৌধুরী। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন বলে জানান লালা।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় আদালত পাড়া থেকে মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভায় বক্তারা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আসার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ জুন সুনামগঞ্জের ছাতকের পালপুর বাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলার শিকার হন এডভোকেট টি. এম.মুহি উদ্দিন মাহি ও তার চাচা স্থপতি টি. এম. আহমেদ আনহার। তারা উভয়েই পালপুর গ্রামের বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.