Sylhet Today 24 PRINT

তাহিরপুরে কালী মূর্তি ভাংচুর

তাহিরপুর প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০১৭

তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে শ্রী শ্রী কালি মন্দিরের মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে দুর্বৃত্তরা।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনদা পুরকায়স্থ বলেন, রোববার সন্ধায় মন্দিরের পাশে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে গিয়ে দেখে মন্দিরের তালা ভাঙ্গা। তখন ছোট বাচ্চারা আমাকে ঘটনাটি জানালে আমি সাথে সাথে মন্দিরে গিয়ে দেখি মন্দিরের সবগুলো মূর্তি ভাঙ্গা।

চিকসা গ্রামের বাসিন্দা রাজিব পুরকায়স্থ জানান, মূর্তি ভাঙ্গার বিষয়টি আমি জানতে পেরে তাৎক্ষণিক তাহিরপুর থানায় অবহিত করি।

ঘটনার পরপরই মন্দির পরিদর্শনে যান সিনিয়র সহকারি পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) কানন কুমার দেবনাথ, তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহীনুর তালুকদার প্রমুখ।

উপজেলা পুজা উদ্যাপন পরিষদ আহ্বায়ক সুভাষ পুরকায়স্থ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, যারা মূর্তি ভাঙ্গার সাথে জড়িত, প্রশাসন তাদের খুব দ্রুত আইনের আওতায় আনবে এটাই প্রত্যাশা।

সিনিয়র সহকারি পুলিশ সুপার কানন কুমার দেবনাথ বলেন, ঘটনাটি রহস্যজনক। এখনো বুঝা যাচ্ছে না ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে। আমরা চেষ্টা করছি মূর্তি ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.