সিলেটটুডে ডেস্ক | ১৭ মে, ২০১৫
মধুবন ব্যবসায়ীদের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মধুবন মার্কেটের ব্যবসায়ীরা।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরণ মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আহাদ,সহ সাধারন সম্পাদক মো: অলিদ উদ্দিন খান,মো: মনজুর আহমদ, ও খালিকুল ইসলাম,শাহ আহমেদুর রব,ফখরুল ইসলাম,মো: শামসুল ইসলাম,মো: নুরুল মুত্তাকিন,মো:মখলেসুর রহমান,রিহাদুল হাসান রুহেল প্রমূখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন ফুট ওভার ব্রীজ নির্মাণের ফলে ব্যবসায় ক্ষতির আশংকায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন মধুবন সুপার মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা। তারা বলেন এরআগে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করে ফুট ওভারব্রীজ নির্মাণের বিষয়টি পুনঃবিবেচনার আবেদন করা হয়েছিল।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরণ মিয়া বলেন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাদের কাছে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয় সকল প্রকার উন্নয়ন কাজে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি সহযোগিতা করতে আগ্রহী।
কিন্তু কোর্ট পয়েন্টে এ ফুট ওভার ব্রীজ নির্মিত হলে মধুবন সুপার মার্কেটে ক্রেতা সাধারণ প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এতে করে মার্কেটের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবার আশংকা রয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তারা আরো বলেন এ মার্কেটে প্রায় ৩’শটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এইসব প্রতিষ্ঠানের সাথে কয়েক হাজার মানুষের জীবন জীবিকা নির্ভর করছে। মার্কেটটি বন্ধ হলে এসব মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখিন হবেন। ইতোমধ্যে এ নির্মাণ কাজের ফলে মার্কেটের সামনের ড্রেনটি বন্ধ হয়ে গেছে।
ব্যবসায়ীদের দাবি ব্রীজটি নির্মিত হলে কোর্ট পয়েন্টের স্বাভাবিক সৌন্দর্য হারাবে। কালেক্টরেট মসজিদে মসল্লীদের আসা যাওয়ায় ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। এতে করে কোর্ট পয়েন্টে যানজট সৃষ্টি হতে পারে।
এ ওভার ব্রীজটি নির্মাণের ব্যাপারে পুনঃবিবেচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান ।