Sylhet Today 24 PRINT

অনন্ত হত্যা: বিশেষায়িত ইউনিট না থাকায় তদন্তে অগ্রগতি নেই বলে জানাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মে, ২০১৫

৫ দিন পেরিয়ে গেলেও বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় কোন অগ্রগতির খবর পাওয়া যায়নি। তদন্তে অগ্রগতি না হবার খবর স্বীকার করছেন স্বয়ং পুলিশ কর্মকর্তারাও।  এজন্য তারা  পুলিশের আলাদা বিশেষায়িত ইউনিট না থাকাকে দায়ী করেছেন।

পুলিশের বিশেষায়িত  ইউনিট না থাকায় লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় আশানুরূপ অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্লাহ।

রোববার অনন্ত বিজয় দাশ হত্যার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা জানান, সমস্ত আলামত সংগ্রহ করে অপরাধী সনাক্ত করতে তারা কাজ করছেন। তবে এখনও দৃশ্যমান কাউকে সন্দেহভাজন হিসেবে আটক করা যায়নি বলেও জানান তিনি।

তিনি জানান, গত ৩ মাসে ঢাকায় দুই সিলেটে এক মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক হত্যার ধরন একই হওয়ায় অপরাধী যে একই সংঘবদ্ধ গোষ্ঠি  কাজ এমনটা তারা নিশ্চিত হয়েই তদন্ত কাজ এগিয়ে যাচ্ছেন।

 রহমত উল্লাহ বলেন, যে পুলিশকে এসব জটিল মামলা তদন্ত করতে হয় সে পুলিশকেই আবার আইন শৃঙ্খলা রক্ষার কাজও করতে হয়, পুলিশের মধ্যে সাইবার অপরাধ নিয়ে কোন বিশেষায়িত ইউনিট না থাকায় এরকম মামলায় প্রত্যাশা অনুযায়ী তদন্তে গতি আনা সম্ভব হচ্ছেনা। মন্ত্রণালয়ে এ সম্পর্কিত পুলিশের বিশেষায়িত ইউনিট গঠনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।

এদিকে, গত শুক্রবার সিলেটর মীরাবাজারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সমবেত হবার খবর নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন- 'আপনারা জানেন হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের গ্রেফতার ও দমন করতে আমাদের কার্যক্রম চলছে, আমরা যখনই এদের নাগালের মধ্যে পাই তখন গ্রেফতার করি কিন্তু অনেক সময় উচ্চ আদালত থেকে তারা জামিন নিয়ে বের হয়ে আসে। কিন্তু এদের কোথাও বিচ্ছিন্ন সমবেত হবার খবর পেলেই আমরা ছুটে গিয়ে এদের আটক করার চেষ্টা করি'।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে নয়টার দিকে বাসা থেকে অফিস যাওয়া পথে সুবিদবাজার বনকলাপাড়ায় জঙ্গি মৌলবাদীদের চাপাতির আঘাতে খুন হন যুক্তি সম্পাদক, ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ। হত্যাকান্ডের পর পরই আনসার বাংলা-৮ নামে একটি টুইটার একাউন্ট থেকে হত্যাকান্ডের দায় স্বীকার করে একটি টুইট করা হয়। যাতে বলা হয় আল কায়েদার উপমহাদেশীয় সহযোগী ভাইয়েরা এই হত্যাকাণ্ড সংঘঠিত করেছে।

ঘটনার দিন রাতে অনন্তের ভাই রত্নেশ্বর বাদী হয়ে বিমানবন্দর থানায় চারজনকে আসামি করে মামলা করেন।অনন্ত বিজয় দাশ লেখালেখির কারণে জঙ্গি মৌলবাদীদের হুমকি পেয়ে আসছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.