Sylhet Today 24 PRINT

বিএনপি আনরিয়েলেস্টিক কথা বলে, আই ডোন্ট কেয়ার : সিলেটে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৭

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিএনপি সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। তারা সব সময় আনরিয়েলেস্টিক (বাস্তবতা বিবর্জিত) কথা বলে। আই ডোন্ট কেয়ার।

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বন্যাদুর্গতদের সাহায্যের জন্য অর্থের কোনো সমস্যা নেই। পর্যাপ্ত অর্থ ও ত্রাণ মজুদ রয়েছে। তবে দুর্গতদের কাছে তা পৌঁছাতে হয়তো একটু সময় লাগছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যখন পরিকল্পনা করি, ধরেই নেওয়া হয় এই দেশে বন্যা হবে। সমস্যা হয় যখন সেটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। নয় বছরের মধ্যে এবারই একটু বেশি হয়েছে। এ জন্যই বিশেষ পদক্ষেপের প্রয়োজন রয়েছে।’

‘আপনাদের জানা উচিত, সরকারে হাতে ত্রাণের জন্য পর্যাপ্ত খাদ্য ও অর্থ মজুদ আছে। এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এটা সাময়িক সমস্যা। এর মোকাবিলা সেভাবেই করা হচ্ছে। কোনো জায়গায় তিন মাসের জন্য, কোনো জায়গায় ছয় মাসের জন্য খাদ্য দেওয়া হচ্ছে। এর বাইরে পাঁচ মাসের একটি কর্মসূচি আছে সেটাও বহাল থাকবে। অসুবিধা হওয়ার কোনো কারণ নাই।’

‘তবে হ্যাঁ এটা ঠিক যে, তাৎক্ষণিকভাবে সেটা ভুক্তভোগীর কাছে পৌঁছাতে সময় লাগে। এক-দুদিনের গ্যাপ হয়ে যায়’, যোগ করেন অর্থমন্ত্রী।

বিকেলে ফেঞ্চুগঞ্জের ইসলামপুরে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন মুহিত।

জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে ত্রাণ বিতরণের পূর্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী, সাংসদ কেয়া চৌধুরী, মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.