মৌলভীবাজার প্রতিনিধি | ০৮ জুলাই, ২০১৭
র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মৌলভীবাজারের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করেছেন। এসময় তাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার বিকেলে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের আইকন মেডিকেল সার্ভিস এর বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার থেকে রোগী দেখার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ানের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ভুয়া ডাক্তারকে আটক করেন। ভুয়া ডাক্তার মোস্তাফিজুর রহমান গত তিন মাস ধরে এই চেম্বারে পাঁচশত টাকা ফি নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে রোগী দেখে আসছিলেন। তার আসল নাম রাকিবুল ইসলাম। কুমিল্লার হোসনা উপজেলার নিলুখী গ্রামের তার বাড়ি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান জানান, তিনি নিজের দোষ স্বীকার করেছেন। অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।