Sylhet Today 24 PRINT

অনন্ত হত্যার বিচার দাবিতে এবার নামল সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল ও সংস্কৃতিকর্মীরা

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মে, ২০১৫

বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি রোববারও সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। নাট্য পরিষদের বিক্ষোভ মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

তারা বলেন, অনন্ত বিজয় মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী লেখক। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার অনন্ত ছিলেন সিলেটের বিজ্ঞান চর্চার একজন আলোকবর্তিকা। তাকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছে। নাট্য পরিষদের সভাপতি অনুপ দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের নেতৃত্বে মিছিল থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয়। নাট্য পরিষদের মিছিলে সবাই সকলে অনন্ত বিজয়ের ছবি সম্বলিত মুখোশ পরে জানান দেন- "আমিই অনন্ত"

এদিকে একই দাবিতে সিলেট কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো। এতে অংশ নেয় সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সহ বেশ কয়েকটি সংগঠন। পরে সম্মিলিত নাট্য পরিষদের মিছিল গিয়েও এই সমাবেশে যোগ দেয়।

সমাবেশে বক্তারা মুক্তমনা ব্লগার হত্যার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। তারা বলেন- একের পর এক মুক্তচিন্তার মানুষকে হত্যা করছে মৌলবাদীরা কিন্তু সরকারী প্রশাসন এ ব্যাপারে রয়েছে একেবারে নির্লিপ্ত।

বক্তারা বলেন বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তান এর পথে নিয়েও যাওয়া ঠেকাতে সবাইকে রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যেতে হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.