Sylhet Today 24 PRINT

সিলেট সম্মিলিত নাট্য পরিষদের বিক্ষোভ মিছিল: ‘আমিই অনন্ত’

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মে, ২০১৫

বিজ্ঞান লেখক, মুক্তমনা ব্লগার ও গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক অনন্ত বিজয় দাশকে মৌলবাদীরা কুপিয়ে হত্যা করলেও তার সহযোদ্ধা সংস্কৃতি কর্মীরা রোববার অনন্তের প্রতিকৃতি নিয়ে বিক্ষোভ মিছিল করে জানান দিলেন 'আমিই অনন্ত'।

অনন্ত দাশের মুখের আদলে মুখোশ পরে মিছিলে অংশ নেন মিছিলকারীরা। 'এক অনন্ত লোকান্তরে, শত অনন্ত মিছিল করে', 'অনন্ত দাশ মরলো কেনো, প্রশাসন জবাব চাই', 'অনন্ত হত্যার বিচার চাই, করতে হবে,' 'হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না'- এমন নানা শ্লোগান দিয়ে মিছিল করে অনন্তর খুনিদের গ্রেফতারের দাবি জানানো হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, অনন্ত বিজয় মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী লেখক। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার অনন্ত ছিলেন সিলেটের বিজ্ঞান চর্চার একজন আলোকবর্তিকা। তাকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছে।তবে অনন্তকে শারীরিকভাবে হত্যা করা গেলেও তার চেতনাকে হত্যা করা যাবেনা বলে দাবি করেন মিছিলে অংশ গ্রহণকারী সংস্কৃতি কর্মীরা। তারা বলেন - কলম থামবেনা, কলম চলবে। এক অনন্তের বদলে জন্ম দিবে শত শত অনন্ত।

সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের নেতৃত্বে মিছিলে অংশ নেন সিলেট শহরের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ।

’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.