Sylhet Today 24 PRINT

সুখিয়ার পরিবারের দায়িত্ব নিল আমারএমপি ও সেকুলার বাংলাদেশ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০১৭

হবিগঞ্জের সুতাংয়ের সুখিয়া হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রাপ্তি ও তার পরিবারের স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা ও সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে।

শনিবার (৮ জুলাই) বিকাল ৫টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় উক্ত সংগঠনের নেতৃবৃন্দ। আমারএমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্তের পক্ষে তার বিশেষ প্রতিনিধি, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে-এর সদস্য সুমন্ত্র দাস গুপ্ত লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি তার বক্তব্যে বলেন, আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা ও সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে থেকে সুখিয়া হত্যাকাণ্ডের মামলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহায়তা করা হবে, সুখিয়ার পরিবার ভালোভাবে বসবাসের জন্য তাদের বর্তমান আবাসস্থলটির সীমানা পুনর্নির্ধারণ করে পাকাবাড়ি নির্মাণ করে দেয়া হবে, সুখিয়ার পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদের পেশানুযায়ী একটি জুতার দোকান করে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে মামলার অগ্রগতি, বাদীর নিরাপত্তা নিশ্চিত, সুষ্ঠু তদন্ত ও মামলা সংশ্লিষ্ট তালিকাভুক্ত আসামীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত সুখিয়া রবি দাসের বোন মামলার বাদী সুমা রবি দাস, ভাগ্নি মনি রবি দাস, লেখিকা রুমা মোদক, সাহিত্যিক সিদ্দিকী হারুন, আমারএমপি ডটকম হবিগঞ্জ-২ এর অ্যাম্বাসেডর রায়হান উদ্দিন সুমন, আমারএমপি ডটকম হবিগঞ্জ-৪ এর অ্যাম্বাসেডর বনশ্রী রায়, সাংস্কৃতিক ও সমাজকর্মী শাকিলা ববি, সুরাবই গ্রামের স্থায়ী বাসিন্দা ও মানবাধিকার কর্মী এমএম হেলাল, আমারএমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবী শ্যামল বণিক, মানিক দাশ, দিবাকর রায় বাপ্পি এবং সুকান্ত দাশ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রাফিক, দৈনিক আয়নার সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খান, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মাসুদ আলী ফরহাদ, জিটিভির জেলা প্রতিনিধি নূর উদ্দিন, দৈনিক লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার এম সজলু, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির স্টাফ রিপোর্টার সাইফুর রহমান তারেক,

গত ১০ জুন ২০১৭ শনিবার ভোরে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের সুতাং বাজারে হরিজন সম্প্রদায়ের নারী সুখিয়া রবি দাসকে ধর্ষণ করার পর কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে সাইলু। সুখিয়া রবি দাস হত্যার পর থেকে কয়েক ঘণ্টার মধ্যে প্রধান আসামী আবুল কালাম আজাদ উরফে সাইলু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে সুখিয়ার পরিবারের পক্ষ থেকে বলা হয়, প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার পরও আতঙ্কে দিনযাপন করছে সুখিয়ার পরিবার। কারণ সাইলু যাদের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ মামলার ৪,৫,৬ নং আসামী আ. হামিদ খান (৬৮) ,আ. আহাদ খানের (৪৬), আ. ওয়াদুদ খান(৭০) এখনো পুলিশের ধরাছোঁয়ার বাহিরেই আছে। তারা মামলার বাদী ও তার পরিবারের সদস্যদেরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.