Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত মনাই সাধুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে প্রেমের সম্পর্কের সুবাদে রুবেল মিয়া একই গ্রামের স্কুল পড়ুয়া মেয়েকে টানা ৫ মাস ধর্ষণ করে। বিভিন্ন সময় সে ধর্ষণের ভিডিওচিত্র মোবাইল ফোনের মাধ্যমে ধারণ করে রাখে। এরপর থেকে ধারণকৃত ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীর অনিচ্ছাসত্বেও দীর্ঘদিন জিম্মি করে জনি মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে ধারাবাহিকভাবে ধর্ষণ করে।

এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে বিষয়টি নিস্পত্তি হয়। ঘটনাটি নিস্পত্তির পর হঠাৎ স্কুল ছাত্রীর চাচার সাথে জনি মিয়ার বিরোধ দেখা দিলে ধর্ষক ক্ষিপ্ত হয়ে ধারণকৃত ভিডিও চিত্রটি বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়।

গত শুক্রবার ওই স্কুল ছাত্রীর চাচা বাদী হয়ে রুবেল মিয়া ও তার সহযোগী জনি মিয়াকে আসামি করে জগন্নাথপুর থানায় ধর্ষণ ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ শনিবার খাগাউড়া গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক রুবেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, আসামীকে শনিবার (৮ জুলাই) সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক আসামীকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.